সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

নিজস্ব প্রতিবেদন
মুম্বাইয়ে আন্তর্জাতিক সংগীত উৎসব সানবার্নে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। দুর্ঘটনায় তার মাথায় আঘাত লেগে কনকাশনে আক্রান্ত হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) রাতে আমেরিকান ডিজে ডেভিড গুয়েটার সঙ্গে কনসার্টে অংশ নিতে যাওয়ার সময় নোরার গাড়িতে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। পরে জানা যায়, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর নোরাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যানে গুরুতর কোনো অভ্যন্তরীণ আঘাত ধরা না পড়লেও চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দেন।
তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে নোরা কনসার্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। মাথার যন্ত্রণা নিয়েই তিনি ডেভিড গুয়েটার সঙ্গে সানবার্ন ফেস্টিভ্যালে পৌঁছে মঞ্চে ওঠেন। সেখানে দুজন একসঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আসন্ন আন্তর্জাতিক গানের একটি ঝলক উপস্থাপন করেন। আহত অবস্থাতেও তার এই পেশাদার মনোভাব ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেছেন। সেখানে জ্যামাইকান শিল্পী শেনসিয়ার সঙ্গে একটি গানে পারফর্ম করেন তিনি। পাশাপাশি অভিনয়েও ব্যস্ত নোরা—দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’, ‘কেডি: দ্য ডেভিল’সহ একাধিক চলচ্চিত্র ও ওয়েব প্রজেক্টে কাজ করছেন তিনি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











